

মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী মালের চান্দুরী ফ্লেম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি নেহের মিয়া রানা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও সহসাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া সহসভাপতি মো. ফারুক হোসেন, মো. মুক্তার হোসেন ও মো. রহিম মিয়া, ক্রীড়া সম্পাদক আল মামুন এবং যুবদল নেতা আরিফ হোসেন, আবু আহাম্মেদ সেলিম ও সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য যেন সংঘাত বা সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। তাঁরা আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন, কর্মসংস্থান এবং প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ প্রধানমন্ত্রীর
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন