

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার সময় এক নারীর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী পরিবার। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া গ্রামে একটি বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. আলামিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাধবপুর থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে দুটি মামলা বিচারাধীন। এ ছাড়া ২০২৫ সালের ৩ জুলাই বাদীপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় থানায় আরেকটি মামলা হয়েছিল। ওই মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন আসামিরা বাদীপক্ষের বাড়ির পূর্ব পাশের মালিকানাধীন পুকুরে নেমে মাছ ধরছিলেন। বাদীর চাচা আবুল হোসেন প্রতিবাদ করলে তাঁরা দা, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে বাড়ির উঠানে ঢুকে হামলা চালান। এতে আবুল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে এবং দুই পা ও বাঁ হাতের হাড় ভেঙে যায়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে জোসনা বেগম ও রুজিনা বেগমও হামলার শিকার হন। জোসনা বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে, ভেঙে যায় হাত ও পায়ের হাড়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় রুজিনা বেগমের গলা থেকে প্রায় ১২ আনা ওজনের দেড় লাখ টাকা দামের একটি সোনার চেইন নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর আবুল হোসেন ও জোসনা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন: মাধবপুরে একই দিনে দুই তরুণীর মরদেহ উদ্ধার, একজনের ছিল বিয়ের দিন
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন