
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন সুমাইয়া জান্নাত তিন্নি। স্বপ্ন ছিল আরও পড়াশোনা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, একটি চাকরি করে মায়ের মুখে হাসি ফোটাবেন। বাবাকে হারানোর পর অনেক কষ্টে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছিলেন মা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। শুক্রবার সকালে নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে সুমাইয়ার মরদেহ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। এ বছর মনতলা শাহজালাল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়ার মা পারুল বেগম বলেন, তাঁর মেয়ে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল। অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। মেয়ের স্বপ্ন ছিল আরও পড়াশোনা করে চাকরি করার। বিয়ের একটি প্রস্তাব এসেছিল। শুক্রবার পাত্রপক্ষের লোকজন মেয়েকে দেখতে আসার কথা ছিল। তবে মেয়ে এভাবে তাঁদের ছেড়ে চলে যাবে, তা কখনো কল্পনাও করেননি তিনি।
মাধবপুর থানার এসআই শামসুদ্দিন জানান, শুক্রবার সুমাইয়াকে দেখতে পাত্রপক্ষের লোকজন আসার কথা ছিল। বিয়ের বিষয়ে তাঁর কোনো দ্বিমত বা আপত্তি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
এদিকে একই দিন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে স্বর্ণা আক্তার নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের খেলু মিয়ার মেয়ে। পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, একই দিনে পৃথক দুটি মৃত্যুর ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে।