

বাংলার খবর ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আলোচনায় জাতিসংঘের সংস্কার গুরুত্ব পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন।
সংস্কারের বিষয়গুলো কী এবং কী করা যেতে পারে, তা তিনি বোঝার চেষ্টা করেছেন।
কারণ, জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ পাঁচ কূটনীতিক
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা।
এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল।’
তিনি সাক্ষাৎকে নিজের জন্য শেখার সুযোগ হিসেবেও বর্ণনা করেন।
সময় দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
তবে বৈঠক নিয়ে বিস্তারিত প্রশ্নের জবাব দেননি দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল বলে জানান তিনি।
একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও কথা হয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।