
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরাজিত শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে মাধবপুর উপজেলা বিএনপি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় নেতারা এসব আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। দুর্নীতি ও অনিয়ম পরিহার করে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়। বক্তারা বলেন, নির্বাচনে দল যাঁকে সমর্থন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যেক নেতাকে নিজ নিজ ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি সরকার গঠন করেছে। এ অবস্থায় নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ, আরজু মিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান মীর মুর্শেদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা।
বার্তা প্রেরক: মো. আইয়ুব খান