
বাংলার খবর ডেস্ক:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সরকারি সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদীয় তদারকি ও জবাবদিহি জোরদারণ বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশনে অংশ নিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ ওরিয়েন্টেশন শুরু হয়। ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সুইজারল্যান্ড এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ ওরিয়েন্টেশনের আয়োজন করেছে।
ওরিয়েন্টেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সংসদীয় নজরদারির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।