
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ইউরোপের দেশ গ্রিসে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে যাত্রা করেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কয়েকজন যুবক। ভূমধ্যসাগরে তাঁদের বহনকারী প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে পানি ঢোকার পর ছয়জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তাঁদের পরিবার। নিখোঁজের ১৫ দিন পার হলেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই নৌযানে থাকা একজন জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন।
নিখোঁজদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে তাঁরা লিবিয়ায় পাড়ি জমান। গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত যুবক।
তাঁদের মধ্যে রয়েছেন পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া ও ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া এবং ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া। এ ছাড়া লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়ার নামও নিখোঁজদের তালিকায় উল্লেখ করা হয়েছে।
তবে জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন পুরাইকলা গ্রামের মাসুম মিয়া। পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, তাঁদের নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। ভূমধ্যসাগরের মাঝপথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। দুই দিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। পরে প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজনের সহযোগিতায় শেষ পর্যন্ত গ্রিসে পৌঁছান তিনি।
মাসুমের বর্ণনার পর নিখোঁজ যুবকদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা জীবিত আছেন, নাকি সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন—তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।
পরিবারগুলোর দাবি, গ্রিসে পাঠানোর কথা বলে দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ স্বজনদের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাঁদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভূমধ্যসাগরে নিখোঁজ ছয় যুবকের সন্ধান ও তাঁদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্বজনেরা। একদিকে বিপুল অর্থ হারানোর শঙ্কা, অন্যদিকে প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার অপেক্ষা—সব মিলিয়ে ছয় পরিবারের মধ্যে এখন চরম উৎকণ্ঠা বিরাজ করছে।