
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের সীমান্তবর্তী দুর্গম এলাকায় মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। পাশাপাশি জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে মানব পাচার ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) ৫৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিল এলাকায় দূরনিয়ন্ত্রিত ও সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট এবং সোলার লাইট স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকাগুলো ২৪ ঘণ্টা নজরদারির আওতায় এসেছে। ক্যামেরার মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের চেহারা শনাক্ত করার পাশাপাশি দিন-রাত সীমান্তের অস্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে সীমান্ত এলাকার চিহ্নিত মানব পাচারকারী ও চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান জোরদার করেছে ৫৫ বিজিবি। এর ধারাবাহিকতায় গত তিন দিনে বিজিবি ও পুলিশের যৌথ সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি এবং মানব পাচার ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।
সীমান্তের নিরাপত্তা জোরদারে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের নজরদারি সক্ষমতাকে বহুগুণ বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ১০ বোতল মদ, ২৯ ক্যান বিয়ার, ৮ লিটার বাংলা মদ, ১৯৫ কেজি ভারতীয় চা-পাতা, ৭৯ হাজার ৯২০ পিস কসমেটিকস সামগ্রী, ২১টি গরু এবং অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি।
জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৯ হাজার টাকা। এ সময় আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ দমনে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।