
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের মৃত রাজকুমার ভরের মেয়ে জানকী ভর (৩০) এবং গোয়াছনগর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩০)।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে সুরমা চা-বাগানের জানকী ভরের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাঁদের আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি কালো পলিথিনের ব্যাগ থেকে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ২৫ বোতল করে সিরাপ ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন তাঁরা।
সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।