
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অংশগ্রহণ নিয়ে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে তাঁকে ছাড়াই ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন এবং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর সাহেবরা উপস্থিত থাকবেন। তবে সম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী অংশ নেবেন না।
এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাঁকে মাহফিলে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, বিরোধিতা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহেরী।
এ নিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতারা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন।
সমাবেশে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই মাহফিলে তাহেরীর অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তিনি তাঁকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণাও করেন।
অন্যদিকে, বিএনপি নেতাদের হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তাঁর ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন।
এদিকে, মাহফিল আয়োজনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয়ের মাঠ ব্যবহারে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছে।
সব মিলিয়ে মাহফিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের মধ্যস্থতায় মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।