
আফতাবুল ইসলাম মেহেরাব | হাইমচর প্রতিনিধি
২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং তরুণ প্রজন্মের সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, ফুটবল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। মাঠে জয়-পরাজয় থাকবেই। তবে খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা জরুরি। এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাইমচরের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে এমপি মানিক বলেন, নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।
এ সময় হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।