
বাংলার খবর ডেস্ক:
যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ ঘটনায় দেশজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৫৪ মিনিটে এ নির্দেশনা জারি করা হয়।
এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যা দেখা দেওয়ায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন প্রযুক্তিবিদরা। তবে কখন এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো সময়সীমা জানায়নি।
২০২৩ সালের জানুয়ারিতে এফএএর গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এই প্রথম দেশজুড়ে এ ধরনের স্থগিতাদেশ জারি করা হলো।
এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরও যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে হাওয়াই ও এশিয়াগামী প্রশান্ত মহাসাগরীয় রুটের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ সমস্যার কথা জানিয়েছে। তবে এই যোগাযোগ বিভ্রাটের প্রকৃত কারণ এখনো শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।