
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬-এর বিগ ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মঙ্গলপুর সোনার বাংলা ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জগদীশপুর ফুটবল একাডেমী।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ আয়োজিত এ খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জগদীশপুর ফুটবল একাডেমী।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ও সাংবাদিক মো. হামিদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ তৈরি করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে কাজ করছে সংগঠনটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম মীর বাদল, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরিদুর রহমান ফরিদ, চৌমুহনী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, বিশিষ্ট সমাজসেবক ইদ্রিছ খান মাস্টার, মো. নাজিম উদ্দিন শাহ, আক্তার হোসেন মেম্বার, আবুল খায়ের, রফিকুল ইসলাম ভূঁইয়া রিপন, সালাহ উদ্দিন ভূঁইয়া পলাশ, আমিনুল ইসলাম ভুট্টু, শিমুল শাহ, শামীম, আকাশ, নাকিব ও কাশেমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ।