
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাজারের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার সাহেবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে কোস্ট গার্ড চাঁদপুর এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, হাইমচর।
অভিযানকালে বাজারের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দোষ স্বীকার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিষিদ্ধ জালের অবৈধ বেচাকেনা নিয়ন্ত্রণে জব্দ করা জাল বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড চাঁদপুর ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।