
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
যুক্তির চর্চা, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও মননশীল প্রজন্ম গঠনের প্রত্যয়ে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে ৩য় আন্তঃস্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‘যুক্তির মশালে মুছে যাক আঁধার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত বিতার্কিক দলগুলো চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। ফাইনাল পর্বকে ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিতর্ক শুধু যুক্তি-তর্কের প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। পাশাপাশি বিতর্কচর্চা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজস্ব মতামত তুলে ধরতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, মননশীলতা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।