
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাঁদপুরের হাইমচর উপজেলার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ মতবিনিময়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময়ে বিদ্যালয়গুলোর বিদ্যমান অবকাঠামোগত সমস্যা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তরে। এ পর্যায়ে অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও শিখন-অভিজ্ঞতা পরবর্তী শিক্ষাজীবন এবং ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর পাঠদান, শ্রেণিকক্ষে অংশগ্রহণমূলক পরিবেশ এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া শিক্ষার্থীদের বয়স ও সামর্থ্য অনুযায়ী পাঠদান, দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের সামগ্রিক বিকাশে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।