
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে মারধর করেন আক্তার, রুবেলসহ তাঁদের লোকজন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, পূর্ববিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং আক্তার-রুবেলের পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়িয়েছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।