
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষার সক্ষমতা বাড়াতে শিক্ষার্থীদের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস), কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) ও হিমলিচ ম্যানুভার বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বাজাপ্তি রমনীমোহন উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রশিক্ষণে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে সিপিআর দিতে হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি গলায় খাবার বা অন্য কোনো বস্তু আটকে শ্বাসনালি বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিমলিচ ম্যানুভার প্রয়োগের পদ্ধতিও শেখানো হয়।
আয়োজকদের মতে, যথাসময়ে সঠিক পদ্ধতিতে প্রাথমিক জীবনরক্ষাকারী সহায়তা দিতে পারলে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক সহায়তা দিতে সব সময় ওষুধ বা অর্থের প্রয়োজন হয় না; প্রয়োজন যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণ।
প্রশিক্ষণে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্ষুদে ডাক্তার ও শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেয়। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন করে তত্ত্বাবধানকারী শিক্ষক, বাংলাদেশ রেড ক্রিসেন্টের একটি দল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি আরও চারজন চিকিৎসককে প্রশিক্ষক হিসেবে সম্পৃক্ত করে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রশিক্ষণের উপযুক্ত পরিবেশ ও সুযোগ করে দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও ধন্যবাদ জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে হাইমচর উপজেলার সব শিক্ষার্থীকে এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিক্ষার্থী যেন বেসিক লাইফ সাপোর্টের জ্ঞান অর্জন করে এবং তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।