
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম ওই গ্রামের মৃত ছক্বদর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিকেলে কাটাইয়া গ্রামের সজন মিয়া ও মইনুল ইসলামের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সজল মিয়ার হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে মইনুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মইনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।