
বাংলার খবর ডেস্ক:
সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন অবশেষে চাকরি ফিরে পেয়েছেন। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত জানিয়েছে দুদক। একই সঙ্গে তাঁর অপসারণের আদেশ প্রত্যাহার করে পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন শরীফ উদ্দিন। তাঁর আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের পর দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বিধি অনুযায়ী তিনি পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন। তাঁর পুনর্বহালের ক্ষেত্রে সর্বশেষ আইনি বাধা দূর হয় গত ২৯ অক্টোবর। ওই দিন হাইকোর্টের পুনর্বহালের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকে।
শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। পরে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করে। ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করেন। এতে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ সুগম হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিতে পুনর্বহাল এবং অপসারণের ক্ষেত্রে প্রয়োগ করা বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আদেশটি শুরু থেকেই বাতিল করে পূর্ববর্তী জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।