
বাংলার খবর ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেড়াতে এসে হাসিবুল ইসলাম ওই রিসোর্টে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে এক তরুণীসহ ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে কোপানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চলন্ত অটোরিকশার কাছে গিয়ে এক ব্যক্তি হাসিবুলকে উদ্দেশ করে অশালীন ও উসকানিমূলক মন্তব্য করছেন। এ সময় তাঁকে ‘জঙ্গি’ ও ‘জুলাই জঙ্গি’ বলেও গালি দিতে শোনা যায়। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর সঙ্গে হাত মেলান। পরে আবারও আপত্তিকর মন্তব্য করে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাঁর দিকে তেড়ে যান। এ সময় হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে দা থাকার ইঙ্গিত দেখা যায়।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন হাসিবুল ইসলাম।
বালিশিরা রিসোর্টের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, তিন দিন আগে হাসিবুল ইসলাম রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন তিনি। রিসোর্টের বাইরে আসার পর এক ব্যক্তি দা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হাসিবুল দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন।
কর্মচারীরা আরও জানান, পরে হাসিবুলের হাতে দায়ের কোপের ক্ষত দেখতে পান তাঁরা। রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। এরপর তাঁরা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আবার অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে রওনা হন।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন বলেন, “আমরা বিষয়টি শুনেছি। হাসপাতালে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এনসিপির একজনের মাধ্যমে জানতে পেরেছি, তিনি শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন।”
এদিকে, ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান জানান, তাঁরা ঘটনাটি শোনার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।