
বাংলার খবর ডেস্ক:
রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে অবস্থানরত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
জানা গেছে, ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে মন্ত্রী রাজশাহী বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। গ্রেনেড সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি তাঁকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।