
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে কৃষকের চারা ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকা পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গাদিশাল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে জানান।
খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহসভাপতি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করেন। পরে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করে।
এদিকে লোকালয়ে বিশাল আকৃতির অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমান।
উদ্ধার করা অজগরটিকে পরবর্তী সময়ে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করার কথা রয়েছে।