
বাংলার খবর ডেস্ক:
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তাঁর পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।
আবেদনটিকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।
চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতে কিংবা অন্য দেশে অবস্থান করছেন।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।