
আফতাবুল ইসলাম মেহেরাব:
চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মানছুর আহমেদ ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে স্বাবলম্বী সমাজ গঠন সম্ভব। এ জন্য সমবায়ভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।