
রিংকু দেবনাথ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদাঞ্জলি ফোরামের উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির পরিচিতি সভা এবং অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় শ্রী জগদীশ দেবনাথের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অরুণ নাগের সহযোগিতায় এবং রুবেল পাল ও জগদীশ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শুরুতে দামোদর রাধামাধব পূজা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুজিত চন্দ্র পাল পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে জেলা শাখার সাধারণ সম্পাদক অয়ন সরকার সুমন নবগঠিত মাধবপুর উপজেলা কমিটি ঘোষণা করেন। সংগঠনের প্রধান সমন্বয়ক বিদ্যাভূষণ পাল তপু নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে কমিটির অভিষেক সম্পন্ন হয়।
অভিষেক পর্ব শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শারদাঞ্জলি ফোরাম মাধবপুর উপজেলা শাখার সভাপতি আরাধন দাস। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুজিত চন্দ্র পাল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অয়ন সরকার সুমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু মনোজ পাল, জগদীশ ঘোষ, মাধবপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, আচার্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় উপদেষ্টা ও আচার্যবৃন্দ তাঁদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা বলেন, শারদাঞ্জলি ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি গীতা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে হবে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পাঁচটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলো হলো—উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, মাতৃশক্তি কমিটি গঠন, ব্লাড কমিটি গঠন, উপজেলার বিভিন্ন গীতা নিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা প্রতিযোগিতার আয়োজন এবং সংগঠনের নিজস্ব তহবিল গঠন।
বক্তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় শিক্ষার প্রসার, মানবিক সেবামূলক কার্যক্রম ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজন নবগঠিত উপজেলা কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শারদাঞ্জলি ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে এবং ধর্মীয় শিক্ষা, মানবসেবা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি ইতিবাচক অবদান রাখবে।