
আফতাবুল ইসলাম মেহেরাব:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে চাঁদপুরের হাইমচরে বিএনপির ১৩০ জন নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এসব নেতাকর্মী পদত্যাগপত্র জমা দিয়ে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় ইউপি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী দলীয় পদধারীদের নিজ নিজ সাংগঠনিক পদ থেকে পদত্যাগের নির্দেশনা দেন তিনি।
এরপর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থী হতে ইচ্ছুক নেতাকর্মীদের ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা উপজেলা বিএনপি কার্যালয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী পদধারীদের পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী নেতাকর্মীরা তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ২০ জন, ৫৪টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৯৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন পদত্যাগ করেছেন। সব মিলিয়ে ১৩০ জন নেতাকর্মী দলীয় পদ ছেড়ে নির্বাচনে বিএনপির সমর্থন চেয়েছেন।
একই পদে একাধিক নেতাকর্মীর প্রার্থী হওয়ার আগ্রহ থাকায় দলীয় সমর্থন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কাদের দলীয় সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।