
আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
দীর্ঘদিনের ইলমি, আমলি ও প্রাতিষ্ঠানিক খেদমতের স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ীর একনিষ্ঠ খাদেম ও বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ভাবগাম্ভীর্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি লুৎফর রহমান খান। সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলমুকাপন মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, অত্র মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ইমাম উদ্দিন, হলদারপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ, সিলেটের সুলতানপুর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নোমানুল হক চৌধুরী এবং ভাঙ্গারখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ।
বক্তারা মুফতি আব্দুল কাইয়ুমের দীর্ঘদিনের ইলমি, আমলি ও প্রাতিষ্ঠানিক খেদমতের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়ন, ইলমের প্রচার-প্রসার এবং দ্বীনি শিক্ষার খেদমতে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে মুফতি আব্দুল কাইয়ুমের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ ছাড়া মাদ্রাসার সাবেক উস্তাদ ও মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ (রহ.)-সহ প্রতিষ্ঠানের মরহুম মুরুব্বিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা।