
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি উত্তর গ্রামের দীঘিরপাড় এলাকায় ইয়াবা সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় রবিউল ইসলাম (২১) নামে এক প্রতিবন্ধী যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত রবিউল ইসলাম ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। অভিযুক্ত আকরম আলী (মৃত কদর আলীর ছেলে) একই গ্রামের বাসিন্দা।
আহত রবিউল ইসলাম ও তাঁর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দীঘিরপাড় এলাকায় রবিউলের দোকানের পাশে আকরম আলী ইয়াবা সেবন ও বিক্রির চেষ্টা করেন। এ সময় রবিউল ইসলাম এতে বাধা দিলে আকরম আলী ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রবিউলের মাথায় আঘাত করেন। পরে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী নিন্দা জানিয়েছেন। তাঁরা প্রতিবন্ধী যুবকের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত আকরম আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।