
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অসহায় রাশিদা বেগমের দীর্ঘদিনের আবাসনসংকট দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছেন শান্ত শাহ। নিজের ফেসবুক থেকে অর্জিত অর্থের পাশাপাশি বন্ধুদের সহযোগিতায় তাঁর জন্য নির্মাণ করেছেন নতুন ঘর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে নিয়ে নবনির্মিত ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্ত শাহ। নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে রাশিদা বেগমের জীবনে। দীর্ঘদিনের আবাসনসংকট কাটিয়ে নিরাপদ আশ্রয় পেয়ে আনন্দিত তিনি।
রাশিদা বেগম হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুরবস্থার কথা বিবেচনা করে শান্ত শাহ ফেসবুক থেকে অর্জিত অর্থ ও বন্ধুদের সহযোগিতায় ঘর নির্মাণের উদ্যোগ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইশতিয়াক ইমনসহ শান্ত শাহর কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অর্জিত অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। বন্ধুদের সম্মিলিত সহযোগিতায় একজন অসহায় মানুষের জন্য নতুন ঘর নির্মাণের এ উদ্যোগ মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে।