
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের কাছে নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি নিজেই ক্ষুদে ডাক্তারদের হাতে স্বাস্থ্য পরীক্ষা করান।
বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। একপর্যায়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার অভিজ্ঞতা দিতে নিজেই তাদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করান। মন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সুস্থতা এবং বিদ্যালয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বিদ্যালয়ে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা, পুষ্টি ও শারীরিক বিকাশেও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে এ কার্যক্রম। ক্ষুদে ডাক্তার কর্মসূচির মাধ্যমে শিশুরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সহপাঠীদের স্বাস্থ্যসেবায়ও ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। প্রতিমন্ত্রীর এ অংশগ্রহণ বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে।