
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার বার্তা নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি।
বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয়গুলোতে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন ববি হাজ্জাজ।
এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর প্রতিনিধিদল, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী শিশুদের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।