
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি বঙ্গভবনে যান।
সাক্ষাৎকালে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হবিগঞ্জ জেলার, বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এমপি ফয়সল।
সাক্ষাতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া উপস্থিত ছিলেন কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তাঁর সহধর্মিণী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সংসদ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরায় নির্বাচনী এলাকার মানুষ খুশি হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এমপি সৈয়দ মো. ফয়সল এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের এ উদ্যোগের মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, চা-বাগান ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
তাঁদের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মাধবপুর ও চুনারুঘাটের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।