
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্যসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৯৩৬ কেজি ফুচকা ও ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট। কাভার্ড ভ্যানসহ আটক পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
২৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ভারতীয় অবৈধ ফুচকা, বিস্কুট ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়।
বিজিবি জানায়, আটক চোরাচালানী পণ্য ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলাসংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।