
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১০৪ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক মজুত ও বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্তোষ তাঁতী (৩৫), শুভ পানিকা (২৫) ও প্রশান্ত তাঁতী (২২) পালিয়ে যান।
পরে তাঁদের বসতবাড়ির পাশের এলাকা থেকে একটি বস্তায় রাখা ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।