
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে নবীগঞ্জের তরুণ মো. তারেক আহমেদ (২১) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সায়েল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) লাখাই থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ সায়েল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
নিহত তারেক আহমেদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মো. মহব্বত উল্লার ছেলে। গ্রেপ্তার সায়েল মিয়াও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর দিবাগত রাত পেরিয়ে ২৩ অক্টোবর আনুমানিক রাত ২টার দিকে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের ছুয়বর রহমানের নির্মাণাধীন দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষে তারেক আহমেদকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. মহব্বত উল্লা বাদী হয়ে ২৮ অক্টোবর লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৭ নম্বরে নথিভুক্ত করা হয়েছে। এতে দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।