
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
‘Be a Hand Washing Hero’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হাইমচরের উদ্যোগে ৫ নম্বর খুদিয়া বাজাপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রচলিত সম্মেলনকক্ষের পরিবর্তে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার শিক্ষা দেওয়া এবং সেই জ্ঞান পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিতে উৎসাহিত করা।
অনুষ্ঠানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখে। পরে শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন উপস্থিত সবার সামনে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করে।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সাবান ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নির্দেশনাসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের আয়োজনটি সম্পন্ন হয়।