
আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। কয়েক সপ্তাহ আগে থেকেই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তাঁরা। এ নিয়ে স্থানীয় পর্যায়েও আলোচনা বাড়ছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির দেওয়ান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত ইব্রাহিম খলিল শামীম।
এদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আরও কয়েকজন নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে। তাঁদের কেউ কেউ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত সবার দৃশ্যমান নির্বাচনী তৎপরতা লক্ষ করা যায়নি।
সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ উদ্যোগে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন, এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন বাজারে গণসংযোগ চালাচ্ছেন। এ সময় তাঁরা স্থানীয় মানুষের মতামত, সমর্থন ও দোয়া চাইছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে ভোটারদের প্রত্যাশা জানার চেষ্টা করছেন।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খোরশেদ আলম কোতোয়াল বলেন, ব্যক্তিগত উদ্যোগে সমাজের মানুষের জন্য যতটুকু সেবা দেওয়া সম্ভব, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সেই সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এ লক্ষ্যেই তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করতে চান।
দলীয় মনোনয়নের বিষয়ে তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি আস্থা প্রকাশ করেন। বিগত দিনের রাজনৈতিক ভূমিকা ও জনপ্রিয়তা বিবেচনায় দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত ইব্রাহিম খলিল শামীম তাঁর বাবা, সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুর রহমানের সততা, আদর্শ ও জনসম্পৃক্ততার ঐতিহ্য তুলে ধরেন। বাবার রেখে যাওয়া সুনাম ও মানুষের ভালোবাসাকে ধারণ করে ইউনিয়নবাসীর পাশে থাকতে চান তিনি। পাশাপাশি ন্যায় ও ইনসাফভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্য সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের মতো করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মতামত ও প্রত্যাশা জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আশ্বাস দিচ্ছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়। বিশেষ করে বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, সেটিও নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
উত্তর আলগী ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের এই তৎপরতায় স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে। ভোটারদের প্রত্যাশা, এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামী দিনের নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।