
বাংলার খবর ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) তিনি নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ১ অক্টোবর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ছিল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।