
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে এক গৃহবধূকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি রহিম মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রহিম মিয়া লাখাই উপজেলার স্বজনগ্রাম (টাউনশিপ) এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে উপজেলার দক্ষিণ করাব গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রহিম মিয়া বিবাহিত এবং তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বিরুদ্ধে অপর এক গৃহবধূকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে রহিম মিয়াকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর ২০২৬) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লাখাই থানায় ২৫ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ১৬ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।