
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামে অগ্নিকাণ্ডে খালেক মিয়ার একটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, কাঠ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ফজরের নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও ভেতরে থাকা মূল্যবান মালামালের বড় অংশ পুড়ে যায়।
খালেক মিয়া জানান, আগুনে ঘরের বিভিন্ন মালামালের পাশাপাশি ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে তাঁর পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।