
ঢাকা প্রতিনিধি:
এক মাসের কানাডা সফর শেষে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী।
শনিবার সকালে তাঁদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভানুধ্যায়ী ও উপস্থিত ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহীন, অ্যাডভোকেট মিজানুর রহমান, শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইশতিয়াক আহমেদ ইমন, জুয়েল মিয়াসহ আরও অনেকে।
সফরকালে অ্যাডভোকেট আমিনুল ইসলাম কানাডার বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইনজ্ঞ এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক প্রাতিষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন বলে জানা গেছে। এসব সাক্ষাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম ও বিচারপ্রক্রিয়ার বিভিন্ন আন্তর্জাতিক দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
দেশে ফিরে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করা এবং বিচারকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রসিকিউশন টিমের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম শিগগিরই তাঁর নিয়মিত দাপ্তরিক কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) আরিফুল ইসলাম।