
মো. আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শীতের আগমনী বার্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে নানা জাতের তাজা শীতকালীন শাকসবজি। উপজেলার নাসিরনগর সদর, বুড়িশ্বর ও লক্ষ্মীপুর বাজারে নতুন সবজির সমারোহ দেখা যাচ্ছে। এতে স্থানীয় ক্রেতাদের মধ্যে শীতের আগাম সবজি কেনার আগ্রহ বাড়ছে।
নাসিরনগর সদর বাজারের সবজির দোকানগুলোতে দেখা যায়, ডালা সাজিয়ে রাখা হয়েছে লালশাক, পুঁইশাক, লাইশাক, ডাঁটাশাক, মুলাশাক, বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, শসা, টমেটো, বেগুন, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি, মিষ্টিকুমড়া, চালকুমড়া, লাউ, পটল, করলা ও কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজি। এসব সবজি খুচরা ও পাইকারি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে নতুন শাকসবজির চাহিদা সাধারণত বেশি থাকে। স্থানীয় কৃষকদের জমি থেকে সংগ্রহ করা তাজা সবজি ক্রেতাদের আকৃষ্ট করছে। প্রতিদিন ভোর থেকেই নাসিরনগর বাজারে নতুন সবজি কিনতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।
তবে বাজারে নতুন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দাম এখনো অনেক ক্রেতার নাগালের বাইরে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিক্রেতারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।