

রিংকু দেবনাথ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করায় পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা কামাল বাবুল।
দুর্গাপূজা চলাকালে মোস্তফা কামাল বাবুল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও সবাই মিলে উৎসব উদযাপনের এ পরিবেশ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মো. মোস্তফা কামাল বাবুলের পরিবার দীর্ঘদিন ধরে আন্দিউড়া ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম মো. ওলি উল্লাহ এ ইউনিয়ন থেকে তিনবার নির্বাচনে অংশ নিয়েছিলেন। পারিবারিক রাজনৈতিক পরিবেশে অনুপ্রাণিত হয়ে বাবুল ছাত্রদলের রাজনীতির মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি মাধবপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মাধবপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।