
বাংলার খবর ডেস্ক:
ঢাকা-কক্সবাজার রুটে আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন করে চলাচল শুরু করছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। ওইদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসের চলাচল কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন এই ট্রেনসেবা চালু হলে কক্সবাজারে পর্যটকের যাতায়াত বাড়বে এবং রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় মধ্যবর্তী এসব এলাকার যাত্রীরা ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না।
নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। পথে ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে এবং ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
ফেরার পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ থাকবে। এতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, নতুন রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু হয়েছে।