
মো. জাকির হোসেন, মাধবপুর প্রতিনিধি:
যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই হাসপাতালের বিছানায় জীবন বাঁচানোর লড়াই করছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আশরাফুল। অন্ত্রের টিস্যু নষ্ট হয়ে যাওয়ার জটিল রোগ ইনটেস্টাইনাল গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে একাধিকবার অস্ত্রোপচারের মাধ্যমে তার অন্ত্রের বড় একটি অংশ অপসারণ করতে হয়েছে। দীর্ঘ চিকিৎসায় পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় এখন অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আশরাফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শান্ত স্বভাবের ও খেলাধুলাপ্রিয় আশরাফুল পরিবারের একমাত্র সন্তান। পরিবারের ভাষ্য অনুযায়ী, ছেলের চিকিৎসার জন্য গত এক মাস ধরে একাই ছুটে বেড়াচ্ছেন তার মা।
পরিবারের সদস্যরা জানান, আশরাফুলের চিকিৎসায় ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। জমানো টাকা ও পরিবারের শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। অথচ এখনো প্রতিদিন চিকিৎসার পেছনে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা প্রয়োজন হচ্ছে। এই বিপুল ব্যয় বহন করা অসহায় মায়ের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় ছেলের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে পরিবারটি। তাদের আশা, সবার সম্মিলিত সহায়তায় আশরাফুলের চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে এবং সে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।
আশরাফুলের চিকিৎসায় সহায়তার জন্য পরিবারটি সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তাদের বিশ্বাস, মানুষের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাও এই কিশোরের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আশরাফুলের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ ও নগদ (পার্সোনাল): ০১৭৪০৬১১৩৮৯
হিসাবধারীর নাম: মো. আলম (আশরাফুলের মামা)।
আশরাফুলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।