
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
শীতের আগমনী বার্তা নিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার স্থানীয় হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতকালীন তাজা শাকসবজি। উপজেলার অন্যতম বড় ও ব্যস্ততম বুল্লা বাজারে এসব আগাম সবজি কিনতে ভিড় করছেন ক্রেতারা। নতুন সবজির সমারোহে বাজারে বাড়ছে প্রাণচাঞ্চল্য।
বুল্লা বাজারের সবজির দোকানগুলোতে দেখা যায়, সাজিয়ে রাখা হয়েছে তাজা লালশাক, ডাঁটাশাক, বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, শসা, কাঁচা টমেটো ও কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজি। স্থানীয় চাষিদের উৎপাদিত এসব সবজি খুচরা ও পাইকারি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে নতুন শাকসবজির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকে। স্থানীয় কৃষকদের জমি থেকে সংগ্রহ করা তাজা সবজি বাজারে আসতে শুরু করায় ক্রেতারাও আগ্রহ নিয়ে কেনাকাটা করছেন। প্রতিদিন ভোর থেকেই বুল্লা বাজারে নতুন সবজি কিনতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে।
ব্যবসায়ীরা আশা করছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে এবং আবহাওয়া অনুকূলে থাকলে দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে। এতে ক্রেতারা তুলনামূলক সাশ্রয়ী দামে পছন্দের টাটকা শাকসবজি কিনতে পারবেন।