

বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিও দলকে জেতাতে পারল না। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ২ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। দুই দল মিলে ম্যাচে রান হয়েছে ৮৫৯।
এটি ওয়ানডেতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় রান তাড়া করে জয়। ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় জয়ের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ; শীর্ষে আছে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪৩৫ রান তাড়া করে জয়।
আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলে ইংল্যান্ড। টম ব্যান্টন করেন ৫০ রান। জো রুট ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। এরপর ব্রুক ও উইল জ্যাকস মাত্র ৭৭ বলে ১৮৫ রানের ঝড়ো জুটি গড়েন।
মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক, যা বিশ্বরেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তিনি ১১৬ বলে ২০২ রান করেন। জ্যাকস ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।
জবাবে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ২৪ রানেই দুই টপ অর্ডার ব্যাটার ফেরেন। কামিন্দু মেন্ডিস ১৮ রান করে আউট হন, আর অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল না খেলেই রান আউট হন।
তৃতীয় উইকেটে অভিষ্কা ফার্নান্দো ও পবন রত্নায়েকে ১৬৬ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ৮৩ বলে ৯৭ রান করে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ফার্নান্দো। এরপর দাসুন শানাকাকে নিয়ে ৭৯ বলে ১৩৩ রানের জুটি গড়েন রত্নায়েকে। শানাকা ৫০ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৭ রান করেন, আর রত্নায়েকে খেলেন ১০৬ বলে ১৩০ রানের ইনিংস।
শেষ ওভারে জশ টাং পরপর দুই বলে দুই উইকেট নিলে ম্যাচ জমে ওঠে। শেষ ২ বলে শ্রীলঙ্কার দরকার ছিল ৬ রান। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে স্মরণীয় জয় এনে দেন জানিথ লিয়ানাগে। তিনি ২৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন।