
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভাটি অঞ্চলের গ্রামগুলোর মানুষের কাছে যোগাযোগ ব্যবস্থা যেন এক চিরন্তন যন্ত্রণার নাম। বুল্লা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার অন্তত ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ। নদীর ওপারে প্রতিটি গ্রামের সঙ্গেই রয়েছে পাকা রাস্তা, অথচ মাঝখানে নদীর ওপর সেতু না থাকায় পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, লাখাই উপজেলার এক অংশের মানুষকে অন্য অংশে যেতে হলে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া হয়ে ঘুরে আসতে হয়। এতে পথ ও সময় দুটোই নষ্ট হয় বহুগুণ। বর্ষার দিনে কোনোমতে নৌকা বা খেয়া পারাপার চললেও শীত ও শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে ভোগান্তি চরমে পৌঁছায়। নৌকা ঠিকমতো ঘাটে ভিড়তে না পারায় কাদা মাড়িয়ে খেয়া নৌকায় উঠতে হয়। ঝুঁকিপূর্ণ এই পারাপারে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু, বৃদ্ধ ও প্রসূতি নারীরা। প্রায়ই নৌকা থেকে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন তাঁরা।
এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আক্ষেপ, বিভিন্ন সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা বারবার সুতাং নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সেই আশ্বাস কখনো বাস্তবায়িত হয়নি। ফলে লাখাই উপজেলা যেন দুই ভাগে বিভক্ত হয়ে আছে।
কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকদের কষ্টের কথা আরও করুণ। নদীর ওপারেই রয়েছে বিশাল হাওর, যেখানে প্রতিবছর হাজার হাজার বিঘা জমিতে ধানসহ নানা ফসল ফলে। একটি সেতুর অভাবে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যায়। খেয়া নৌকায় ভারী বোঝা পারাপার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, "আমাদের অন্য কোনো বড় উন্নয়নের প্রয়োজন নেই। আমরা শুধু এই একটি ব্রিজ চাই, তাতেই আমরা সুখী হব। এই ব্রিজটি আমাদের কাছে এখন স্বপ্নের সারথি।"
যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটিয়ে লাখাইয়ের হাজার হাজার মানুষের জীবনের চাকা সচল করতে এবং কৃষিপণ্য পরিবহনে গতি আনতে বর্তমান সরকারের কাছে অবিলম্বে সুতাং নদীর ওপর একটি দৃষ্টিনন্দন ও টেকসই সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।