
বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
কক্সবাজারের রামুর হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আরও দুজন এখনো নিখোঁজ। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটে মেরিন ড্রাইভ সড়কের পাশে, হিমছড়ির জাদুঘর এলাকার কাছে প্যাঁচারদ্বীপ সৈকতে।
মৃতরা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির মোকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহিদুল ইসলাম (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শেরশাহ এলাকার মো. আকাশ (২১)। নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের বায়েজিদ শেরশাহের মো. হারুন (২০) ও ঢাকার আজিমপুরের নাফিসুল হক নিবির (২২)।
জীবিত উদ্ধার হওয়া রাকিব হাসান, মো. সানি ও নোয়াখালীর মো. আকাশকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, পর্যটকেরা রেজুখাল পার হয়ে খাল আর সাগরের মাঝখানের একটি বালুচরে গিয়েছিলেন। জোয়ার শুরু হলে চরটি পানিতে তলিয়ে যায়। তাঁরা টের পাওয়ার আগেই স্রোতে ভেসে যান।
উদ্ধার হওয়া সানি ও আকাশ জানান, তাঁরা দুপুরের দিকে ট্রেনে কক্সবাজার পৌঁছান এবং আগে থেকে বুকিং দেওয়া একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে সাগরে নেমে পরে বালুচরে যান। আরেকটি পর্যটক দলও তখন চরে গিয়েছিল।
মরদেহগুলো হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।